নাজিরপুরে শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, পরিবারসহ হত্যার হুমকি
পিরোজপুরের নাজিরপুরে প্রধান শিক্ষক কিশোর কুমার হালদারের কাছে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।জিডির বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেয় হুমকিদাতা। দাবি পূরণ না করলে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে জানানো হয়।কিশোর কুমার হালদার জানান, ফোনদাতা তাকে ও তার পরিবারকে হামলার লক্ষ্য হিসেবে বেছে নেওয়ার কথা বলে। রক্ষা পেতে নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে বলা হয়। এই হুমকির পর নিরাপত্তাহীনতায় তিনি তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে রাত কাটান।ওই শিক্ষক আরও জানান, গত বছর তার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করা হয়। সেই ঘটনার পর এবার পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ফোন করে প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে সপরিবারে হত্যার হুমকির ঘটনায় জিডি হয়েছে। হুমকিদাতার সন্ধানে পুলিশ কাজ করছে।