হিন্দুস নিউজ
Topic Ads 1
ঢাকেশ্বরীতে প্রথমবার ধর্মীয় ব্যান্ড 'প্রণাম'-এর লাইভ কনসার্ট

ঢাকেশ্বরীতে প্রথমবার ধর্মীয় ব্যান্ড 'প্রণাম'-এর লাইভ কনসার্ট

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো কোনো ধর্মীয় ব্যান্ড হিসেবে লাইভ কনসার্ট পরিবেশন করতে যাচ্ছে চট্টগ্রাম থেকে আগত ব্যান্ড 'প্রণাম'। আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসব পরবর্তী বিজয়া সম্মিলন ও আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ব্যান্ডটি তাদের পরিবেশনা উপস্থাপন করবে। এই বিশেষ অনুষ্ঠানটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, সংস্কৃতি এবং সার্বজনীন মানবাধিকারের এক অনন্য মেলবন্ধন হিসেবে বিবেচিত হচ্ছে, যা তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় সংস্কৃতির প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।  ​অনুষ্ঠানের দিন অর্থাৎ ২১ কার্তিক ১৪৩৩, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৪.০০ টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য শ্রী গয়েশ্বর চন্দ্র রায় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা।  ​এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে থাকবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার সহকারী সম্পাদক স্বামী হরিদাসানন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ফাদার ড. তপন ক্যামিলাস ডি রোজারিও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) এবং সভাপতিত্ব করবেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথ।  ​(News copied from- 'হিন্দুস নিউজ')​এই ঐতিহাসিক সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যা ৫.৩০ মিনিটে চট্টগ্রাম থেকে আমন্ত্রিত ধর্মীয় ব্যান্ড 'প্রণাম'-এর পরিবেশনায় লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এই প্রোগ্রামের মাধ্যমে ঢাকায় ধর্মীয় ব্যান্ডের শুভসূচনা হবে এবং এর হাত ধরেই বহু সনাতনী মেধাবী শিল্পী ও তরুণ প্রতিভা জাতীয় পর্যায়ে উঠে আসবে। সনাতনীদের তরুণ প্রজন্মের সাংস্কৃতিক অগ্রগতির এই ধারা ভবিষ্যতেও সকলের সহযোগিতায় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে সন্তোষ শর্মা ও অয়ান শর্মা দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে যে, তাদের আন্তরিক প্রচেষ্টা এই পুরো আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তীতে আগামী ৮ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যা ৬.০০ টায় শ্রীশ্রী শ্যামাপূজা, হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ দীপাবলি এবং রাতে শ্যামা সংগীত ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।