ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা ড্রাম থেকে নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসমান প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। পেশায় তিনি একজন জুয়েলারি কারিগর ছিলেন।পুলিশ জানায়, নিরঞ্জন চন্দ্র সূত্রধর স্ত্রী-সন্তান নিয়ে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে।এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর থাকা মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয়রা খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে বুধবারই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি ড্রামের ভেতরে ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে।ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।