হিন্দুস নিউজ
Topic Ads 1
নারায়ণগঞ্জে ৫ হাজার টাকার পূজার ভাতায় আনন্দিত হরিজন সম্প্রদায়

নারায়ণগঞ্জে ৫ হাজার টাকার পূজার ভাতায় আনন্দিত হরিজন সম্প্রদায়

শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারগুলোতে বইছে আনন্দের আমেজ। সমাজের প্রান্তিক ও অবহেলিত হরিজন তথা সনাতনী শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটিয়ে অবশেষে তাঁদের হাতে পৌঁছেছে দুর্গাপূজার বর্ধিত উৎসব ভাতা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে পূজা উদযাপনে প্রান্তিক জনগোষ্ঠীর এই আর্থিক সহায়তা তাঁদের মানবিক অধিকার ও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। পূর্বে যেখানে পরিচ্ছন্নতা কর্মীদের পূজার ভাতার পরিমাণ ছিল মাত্র ৩,০০০ টাকা, তা বাড়িয়ে এবার কর্মীপ্রতি ৫,০০০ টাকা করা হয়েছে। আজ সোমবার পরিচ্ছন্নতা কর্মীরা একযোগে এই বর্ধিত অর্থ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।​জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিচ্ছন্নতা কর্মীদের জীবনযাত্রার মান ও উৎসবের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে গত ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন এক লিখিত আবেদন জমা দেয়। ইউনিয়নের ৩টি অঞ্চলের কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতনসহ আসন্ন দুর্গাপূজার উৎসব ভাতা বাড়ানোর জোর দাবি জানানো হয়েছিল। মূল দাবি ছিল ১০,০০০ টাকা উৎসব ভাতা প্রদান। (News copied from- 'হিন্দুস নিউজ') সেই দাবির ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম এক আন্তরিক ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁদের নির্দেশনায় মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কর্মীপ্রতি ৫,০০০ টাকা ভাতা বরাদ্দ শতভাগ নিশ্চিত করা হয়।​ভাতা হাতে পেয়ে আবেগপ্লুত এক পরিচ্ছন্নতা কর্মী জানান, সংসারের এই টানাপোড়েনের সময়ে পূজার আগে ৫,০০০ টাকা হাতে পাওয়া তাঁদের জন্য বড় ধরণের স্বস্তি এনে দিয়েছে এবং এর মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ধর্মীয় উৎসব পালন করা সম্ভব হবে। এই অর্জনকে ওয়ার্কার্স ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখছেন সনাতনী ও শ্রমজীবী অধিকার রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। দাবি পুরো পূরণ না হলেও পূর্বের তুলনায় ভাতা বৃদ্ধি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পথকে আরও সুগম করল। দ্রুত ও মানবিক পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সনাতনী ও শ্রমজীবী মেহনতি মানুষের মৌলিক অধিকার রক্ষায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।