রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চারশত বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় তীর্থস্থান ‘খেতুরি ধাম’ ঘিরে সৃষ্ট অস্থিরতায় এর স্বাভাবিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। ট্রাস্টি বোর্ডের বহিষ্কৃত এক সদস্য ও ধামের বর্তমান ম্যানেজারের যোগসাজশে একটি মহল তালা ভেঙে ধামটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ট্রাস্টি বোর্ড সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর সকল সদস্যের সম্মতিতে ট্রাস্টি বোর্ডের সদস্য সুনন্দ দাস রতনকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এরপর থেকেই সুনন্দ দাস রতন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও জেলা পর্যায়ের এক শীর্ষ বিএনপি নেতার ছত্রছায়ায় ধামটিকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে আসছেন। এ কাজে ধামের ম্যানেজার গোবিন্দ নেপথ্যে থেকে সহযোগিতা করছেন বলেও অভিযোগ ট্রাস্টি বোর্ডের সদস্যদের।
এর আগেও ওই মহলটি প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে এবং ধামে হট্টগোল তৈরি করে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল। তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ২০২৫ সালের ২০ জুন বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধুসহ শীর্ষ নেতারা খেতুরি ধাম পরিদর্শন করে উদ্ভূত পরিস্থিতি শান্ত করেন।
সর্বশেষ চলতি বছরের ১০ নভেম্বর ওই মহলটি ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রবীর কুমার রায় বরাবর একটি আবেদন জমা দেয়। অভিযোগ উঠেছে, আবেদন দেওয়ার পরপরই গত ১৩ নভেম্বর (শুক্রবার) ম্যানেজার গোবিন্দর সহযোগিতায় তালা ভেঙে আতঙ্ক সৃষ্টি করে খেতুরি ধাম দখলে নেয় তারা।
ম্যানেজার গোবিন্দ ও স্থানীয় দীপলাল কর্মকার জানান, বর্তমানে ১০ জন ব্যক্তি সার্বক্ষণিক ধামটি পাহারা দিচ্ছেন। ট্রাস্টি বোর্ডের কেউ বর্তমানে ধামে আসছেন না এবং ম্যানেজার তার নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে দুজন ডিএসবি সদস্য ও প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম নজরদারি রাখছেন।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ম্যানেজার গোবিন্দ বলেন, “ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিজেদের দোষ ঢাকতে এবং আমাকে চোর সাব্যস্ত করতে নানা কটু কথা বলছেন।”
অন্যদিকে ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ নারায়ণ সরকার বলেন, “একটি মহল খেতুরি ধামকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ধামের অর্থ আত্মসাৎ করতে ম্যানেজার গোবিন্দও তাদের সাথে যুক্ত হয়েছেন। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের বিচার এবং ধামে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শহিদুল ইসলাম জানান, পুলিশের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাস্টি বোর্ডের সভাপতির কাছ থেকে ফোনে বিষয়টি জানার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, “আমার কাছে বা থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ট্রাস্টি সভাপতির ফোনের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেমতুলি ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, চারশত বছরের এই ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানটির পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।
মতামত