রাজধানীর রমনা-সিদ্ধেশরী কালী মন্দির এবং নারায়ণগঞ্জের বাবা লোকনাথ মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। স্বর্ণচুরিতে জড়িত এক দম্পতিসহ ৪ জন গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ ব্যাপারে জানানো হয়।
এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, শারদীয় দূর্গাপূজা ঘিরে কোনো সহিংসতার তথ্য নেই। পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ঢাকার তিনটি মন্দিরে স্বর্ণচুরি নিয়ে তিনি বলেন, ৭ অক্টোবর বিকেলে রমনা কালী মন্দির থেকে ৬ আনা স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জমা পড়লে, তদন্তে নামে পুলিশ। পরে, উত্তরখান থেকে লিপি কর্মকার ও অর্নব রায় নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যে ২ আনা স্বর্ণসহ আরও একজন জুয়েলার্স মালিক গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সম্প্রতি নারায়ণগঞ্জের লোকনাথ মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরি ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতার ৪ জন নিজেদের দায় স্বীকার করেছেন।
ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা জানান, আর কোনো চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
মতামত