চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজার প্রতিমা বহনকারী গাড়ির সঙ্গে স্থানীয় এক ভ্যানচালকের গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিমালয়ে ঢুকে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে অপু সরকার আকাশ (২২) নামে এক তরুণ আহত হয়েছেন। পাশাপাশি একটি কার্তিক প্রতিমার হাত ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়কালী বাজারে লোকনাথ আশ্রমের পাশে অবস্থিত গৌরী শিল্পালয়ে এ ঘটনা ঘটে।
আহত অপু সরকার আকাশ জানান, বিকেলে বারখাইন ইউনিয়ন থেকে তাঁরা আনোয়ারার গৌরী শিল্পালয়ে প্রতিমা নিতে আসেন। প্রতিমা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় সাত্তারহাট সড়কের পদ্মপুকুর পাড় এলাকায় স্থানীয় এক ভ্যানচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আর তর্কে না জড়িয়ে দ্রুত প্রতিমালয়ে ফিরে আসেন। তবে এর কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জনের একটি দল প্রতিমালয়ে এসে তাঁদের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করে।
প্রতিমালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী জানান, হঠাৎ ১০ থেকে ১৫ জন লোক প্রতিমালয়ে ঢুকে আকাশকে মারধর করতে থাকে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালিগালাজ করে। একপর্যায়ে হামলাকারীরা একটি কার্তিক প্রতিমার হাত ভেঙে দেয়।
ঘটনার বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, তর্কাতর্কির জের ধরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে প্রতিমালয়ের লোকজন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলায় দুষ্কৃতকারীরা বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত