সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে মুক্তি, রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের নিরপেক্ষ জুডিশিয়াল তদন্ত (বিচার বিভাগীয় তদন্ত), এবং দেশের বিভিন্ন প্রান্তে মাজার ও মন্দির ভাঙচুর সহ সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও সম্প্রীতিমূলক সংগঠন ‘সৌহার্দ্যের বাংলাদেশ’।
সংগঠনটির একটি প্রতিনিধিদল আজ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে আবহমান কাল ধরে চলে আসা অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সৌহার্দ্য রক্ষা করতে হলে যেকোনো ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়ন বন্ধ করা জরুরি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে উল্লেখ করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
একই সঙ্গে, রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সুষ্ঠু বিচারের লক্ষ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন (জুডিশিয়াল ইনকুয়ারি) গঠনের দাবি জানানো হয়।
এ ছাড়া, দেশের বিভিন্ন এলাকায় বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও কৃষ্টি-কালচারের ওপর আঘাত হিসেবে মাজার ও মন্দির ভাঙচুর, ঐতিহ্যবাহী মেলা-উৎসব বন্ধ এবং সামাজিক-সাংস্কৃতিক আগ্রাসনের কঠোর নিন্দা প্রকাশ করা হয়। স্মারকলিপিতে এসকল ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সংখ্যালঘু ও সকল নাগরিকের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা নিতে জোর দাবি জানানো হয়।
মতামত