সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সুজন সাহা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন সাহা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার সত্য সাহার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ‘বাসাইল সংবাদ’ নামক একটি ফেসবুক পেজের কমেন্ট বক্সে সুজন সাহার আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চরম অবমাননাকর বক্তব্য পোস্ট করা হয়। বিষয়টি জানাজানি হলে বল্লা বাজারসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনতা বল্লা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে কালিহাতী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে আসামি সুজন সাহাকে গ্রেপ্তার করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তার সুজন সাহাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত