হিন্দুস নিউজ
Topic Ads 1
ঢাবির জগ্নাথ হল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ

ঢাবির জগ্নাথ হল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ

বাংলার শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার ও সনাতনী ঐতিহ্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আজকের স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্বপ্নদ্রষ্টা জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ। ১৮৪৮ সালের ১৯শে নভেম্বর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার পরিবারের পশ্চিম বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত জমিদার জগন্নাথ রায় চৌধুরী। আজ দেশের হাজারো মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন, কিন্তু যাঁর অসামান্য ত্যাগ, অর্থ ও জমিদানে এই মহীরুহ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, ইতিহাসের পাতায় সেই মহান দানবীরের অবদান আজও যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় না।​বালিয়াটি জমিদারির অন্যতম কর্ণধার হিসেবে কিশোরীলাল রায় চৌধুরী ছিলেন অত্যন্ত প্রজাবৎসল, ন্যায়পরায়ণ এবং মানবদরদী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে এবং মানবাধিকার রক্ষায় তিনি তাঁর বিপুল সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন। ১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক এবং ব্রজসুন্দর কৈত্র ঢাকায় 'ব্রাহ্ম স্কুল' নামে যে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, ১৮৬৮ সালে কিশোরীলাল রায় চৌধুরী সেটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৮৭২ সালে তিনি তাঁর পিতার নামানুসারে এর নামকরণ করেন 'জগন্নাথ স্কুল' এবং ১৮৮৪ সালের ৪ঠা জুলাই এটিকে দ্বিতীয় শ্রেণির কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজে উন্নীত করেন। কালক্রমে ১৯৭৫ সালে স্নাতক ও স্নাতকোত্তর চালু এবং ২০০৫ সালের ২০শে অক্টোবর জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে এটি আজকের পূর্ণাঙ্গ 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে' রূপান্তরিত হয়। (News copied from- 'হিন্দুস নিউজ')​শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কিশোরীলাল রায় চৌধুরী বিপুল পরিমাণ জমি ও অর্থ দান করেন। তাঁর পিতার স্মৃতিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী 'জগন্নাথ হল'-এর নামকরণ করা হয়। এছাড়া ১৮৮৭ সালে পুরান ঢাকার বাংলাবাজারে তিনি 'কিশোরীলাল জুবিলী হাইস্কুল' এবং নিজ এলাকা মানিকগঞ্জে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।​শিক্ষা বিস্তারের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বিকাশেও তাঁর অবদান অবিস্মরণীয়। নিজ এলাকা বালিয়াটিতে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য তিনি একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। পাশাপাশি ঢাকায় সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে তিনি প্রতিষ্ঠা করেন 'মালঞ্চ রঙ্গমঞ্চ', যা পরবর্তীতে লায়ন্স সিনেমা হল নামে পরিচিতি লাভ করে। তাঁর প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও বীরত্বপূর্ণ ও রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ২৬শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলা, শিক্ষক-শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং পরবর্তীতে ক্যাম্পাস থেকে উদ্ধার হওয়া গণকবর ও মানব কঙ্কাল প্রমাণ করে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত।​বাংলার সনাতনী সমাজের গর্ব ও মানবতার সেবক এই মহান শিক্ষানুরাগী ১৯২৫ সালের ৩রা জুলাই ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ১৭৮তম জন্মবার্ষিকীতে সনাতনী সমাজ ও সচেতন মহলের দাবি, ইতিহাস বিকৃতি রোধ করে নতুন প্রজন্মের সামনে কিশোরীলাল রায় চৌধুরীর এই অবিস্মরণীয় অবদান যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তুলে ধরা হোক।