হিন্দুস নিউজ
Topic Ads 1
আর্তপীড়িত মানুষের সেবায় এক অনন্য মানবিক নাম বিকাশ চৌধুরী

আর্তপীড়িত মানুষের সেবায় এক অনন্য মানবিক নাম বিকাশ চৌধুরী

কক্সবাজারের চকরিয়া ও লামা উপজেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত প্রত্যন্ত ইউনিয়ন বমু বিলছড়ির বমুরমুখ এলাকা। যোগাযোগব্যবস্থা এবং উন্নত চিকিৎসাকেন্দ্রের দূরত্বজনিত কারণে এই জনপদের সাধারণ ও নিম্নআয়ের মানুষজন জরুরি স্বাস্থ্যসেবার সুযোগ থেকে প্রায়শই বঞ্চিত হন। এই অবহেলিত অঞ্চলের অসহায়, শোষিত ও দরিদ্র মানুষের কাছে পরম আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন স্থানীয় পল্লী চিকিৎসক বিকাশ চৌধুরী। প্রচারপ্রচারের আলো থেকে দূরে থেকে তিনি বছরের পর বছর ধরে নীরবে আর্তপীড়িতের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। পেশাগত দায়িত্বের চেয়ে মানবিকতাকে প্রাধান্য দিয়ে তিনি দিন-রাত যেকোনো সময়েই অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বস্তি ফিরিয়ে আনছেন।​পার্বত্য ও সমতলের সংযোগস্থলে অবস্থিত এই প্রত্যন্ত জনপদের কোনো মানুষ রাতে বা অসময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমেই স্মরণ করেন বিকাশ চৌধুরীকে। সামান্য অসুস্থতার জন্য দূরের হাসপাতালে যাওয়া যাদের পক্ষে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে রোগমুক্তির পথ দেখান তিনি। আর্থিক সংকট কিংবা পারিবারিক দারিদ্র্যের কারণে কোনো রোগী ফিরে যান না তার দরজা থেকে; মানবিক বিবেচনায় তাদের চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার পাশাপাশি কোনো রোগীর শারীরিক জটিলতা থাকলে তাকে সঠিক সময়ে উচ্চতর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন তিনি। এই আন্তরিকতা ও মহানুভবতার কারণে স্থানীয় প্রতিটি সনাতনীসহ সকল সম্প্রদায়ের মানুষের কাছে তিনি কেবল একজন চিকিৎসক নন, বরং চরম বিপদের বিশ্বস্ত আশ্রয়স্থলে পরিণত হয়েছেন। (News copied from- 'হিন্দুস নিউজ')​বিকাশ চৌধুরীর এই অবিরাম জনসেবা প্রমাণ করে যে, পদ-পদবি বা বাহ্যিক প্রচার ছাড়াও মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া যায়। কোনো লোভ বা অহংকার তাকে স্পর্শ করতে পারেনি, বরং রোগী ও তার স্বজনদের পরম মমতায় রোগব্যাধি বুঝিয়ে বলা এবং পরিবারের সদস্যের মতো খোঁজ নেওয়ার মানসিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চকরিয়া ও লামা সীমান্তের পিছিয়ে পড়া এলাকার সাধারণ মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তিনি যে ভূমিকা রাখছেন, তা সামগ্রিক মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বমুরমুখ ও এর আশপাশের অঞ্চলের মানুষের কাছে ‘নিজের ডাক্তার’ হিসেবে পরিচিত এই পল্লী চিকিৎসকের মতো মানবিক মানুষের সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণ ব্যবস্থা তদারকি করা গেলে এই প্রত্যন্ত অঞ্চলে সাধারণের স্বাস্থ্যসুরক্ষা আরও জোরদার হবে।