বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পরম মমতাময়ী মা সন্ধ্যা রানী ধরের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ ভক্তরা অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় সন্ধ্যা রানী ধরের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এই শোক কাটিয়ে ওঠার জন্য তাঁর পরিবার ও স্বজনদের মানসিক শক্তি, সাহস ও ধৈর্য দানের প্রার্থনাও করেন উপস্থিত ভক্তরা।

তাঁরা আরও বলেন, শোকের এই কঠিন সময়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক ও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে প্রয়াতের আত্মার শান্তির জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
প্রদীপ প্রজ্বলন শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় প্রয়াত সন্ধ্যা রানী ধরের আত্মার চিরশান্তি ও সদগতি কামনার পাশাপাশি দেশ, জাতি ও সনাতনী সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রয়াত সন্ধ্যা রানী ধরের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মতামত