দায়িত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠার অনন্য স্বীকৃতি হিসেবে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ’ সম্মাননা সনদ গ্রহণ করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করে আসছেন। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নে তার প্রশংসনীয় ভূমিকা সর্বজনবিদিত। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে উপস্থিত থাকার পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নানান কর্মসূচিতেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালন করেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ')
বিশেষ করে এলাকার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শংকর হাওলাদারের তৎপরতা ছিল লক্ষণীয়। তার নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীলতার কারণে রতনদী তালতলী ইউনিয়ন গত জুলাই ২০২৬ মাসে ০–১ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনে সমগ্র দেশে প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করে। একই সঙ্গে গলাচিপা উপজেলাও জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশে শীর্ষ অবস্থান অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পূর্বেই বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। একজন সনাতনী সম্প্রদায়ের সাধারণ গ্রাম পুলিশ সদস্য হিসেবে শংকর হাওলাদারের এই মেধা, শ্রম ও সততার আন্তর্জাতিক ও জাতীয় পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়া সাফল্য কেবল তার নিজের নয়, বরং সমগ্র গ্রাম পুলিশ বাহিনীর মর্যাদা ও অনুপ্রেরণাকে অনেক দূর এগিয়ে নেবে। তার এই রাষ্ট্রীয় অর্জন প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, শংকর হাওলাদার সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সমগ্র গলাচিপা উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন এবং তার এ দৃষ্টান্ত অন্য সকল সেবা প্রদানকারীকেও অনুপ্রাণিত করবে।
মতামত