আসন্ন মহা দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজারে সম্প্রীতি ও শান্তি বিনষ্টের অপচেষ্টা চালানোর গভীর অভিযোগ উঠেছে। কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিজন পাড়ার বাসিন্দা সজল নামের এক সনাতনী তরুণের সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সচেতন মহল আশঙ্কা করছেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা থাকায় কোনো অশুভ তৃতীয় পক্ষ জল ঘোলা করে দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে চক্রান্তমূলকভাবে আইডিটি হ্যাক করে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। (News copied from- 'হিন্দুস নিউজ') বিষয়টি নজরে আসার পরপরই স্থানীয় সচেতন নাগরিক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ পারস্পরিক আলোচনা করেন এবং প্রশাসনকে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে পুলিশ প্রশাসন সজলকে গ্রেপ্তার দেখায়। সাধারণ সনাতনী সমাজ ও মানবাধিকার রক্ষা কর্মীদের পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে দাবি জানানো হয়েছে যে, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি কোনো অন্যায্য গুজবের ভিত্তিতে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন। একই সঙ্গে ঘটনাটির পূর্ণাঙ্গ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোর দাবি তোলা হয়েছে, যেন আইডি হ্যাকিংয়ের মাধ্যমে পূজা ঘিরে শান্তি ভঙ্গ করার পেছনে জড়িত প্রকৃত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয় এবং শান্ত কক্সবাজারের অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ণ থাকে।
মতামত