যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে রঞ্জন মন্ডল (৬০) নামের এক প্রবীণ ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। নিহত রঞ্জন মন্ডল উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের পুত্র। গত শনিবার (৭ নভেম্বর) স্থানীয় লোকজন মাছ ধরতে যাওয়ার সময় রমেশের পাটার কাছে নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি ভাসতে দেখে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হকের সার্বিক নির্দেশনায় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোড আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট, হলুদ রঙের শার্ট এবং সাদা স্যান্ডু গেঞ্জি। এছাড়া তার চোখে পাওয়ারের চশমা, শার্টের পকেটে কলম ও ডায়েরি, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সনাতন ধর্মাবলম্বী এই প্রবীণ নাগরিকের এমন রহস্যজনক মৃত্যুতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন তুলে স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। News copied from- 'হিন্দুস নিউজ'।
পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা উদঘাটনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত