চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের পাঁচখাইন পশ্চিম নাথপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে আগামী ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার পবিত্র দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমায়ের পূজার আয়োজন করা হয়েছে।
পূজার আনুষ্ঠানিকতায় মায়ের ঘটস্থাপন করবেন সাধিকা নিয়তী দেবী। এ সময় মন্দিরের অধ্যক্ষ শ্রী বটন কুমার নাথ (পঞ্চতীর্থ), লিটন নাথ ও সজল নাথ উপস্থিত থাকবেন।
মন্দির সূত্রে জানা যায়, বিগত ২৫ বছর ধরে এই মন্দিরে নিয়মিত মায়ের নিত্যপূজার পাশাপাশি প্রতি অমাবস্যায় বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূজার কর্মসূচির মধ্যে রয়েছে—প্রদীপ প্রজ্বালন ও দীপদান, গঙ্গাপূজা, শ্রীশ্রী দক্ষিণা কালীমায়ের পূজা, ভোগ নিবেদন, যজ্ঞ এবং সর্বশেষ বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শান্তিমন্ত্র পাঠ। শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকদের প্রত্যাশা, মায়ের আশীর্বাদে বিশ্ব থেকে অশান্তি, হিংসা ও বিদ্বেষ দূর হয়ে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ।
মতামত