আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট পর্যবেক্ষণে ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও একই ধরনের আমন্ত্রণ পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।
ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের পর্যবেক্ষক প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।
মতামত