চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে স্বর্ণসদৃশ পাঁচটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খোরদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিজিবির একটি টহল দল খোরদ গ্রামের মোজাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ঘরের একটি কোণে মাটির নিচে পুঁতে রাখা একটি পিতলের কলসি উদ্ধার করা হয়। পরে কলসিটি খুলে ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের মতো দেখতে পাঁচটি মূর্তি পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তিগুলো প্রাথমিকভাবে স্বর্ণের তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো প্রকৃত স্বর্ণ নাকি অন্য কোনো ধাতুর তৈরি, তা নিশ্চিত হতে পরীক্ষাগারে পাঠানো হবে। একই সঙ্গে মূর্তিগুলোর ওজন ও সম্ভাব্য বাজারমূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করেছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে বলে জানানো হয়। পিতলের কলসিতে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা স্বর্ণসদৃশ মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতামত