মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল করেছে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক নারী-পুরুষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খানের সমর্থনে এই মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে আঙ্গারিয়া এলাকার বিএনপি নেতা মো: সুজন মিয়ার নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে প্রকাশ্যে এই প্রতীকে ভোট দেওয়ার ঘোষণা দেন।
আঙ্গারিয়া মন্দির কমিটির সভাপতি যতীন্দ্র ভেন্ডার বলেন, অতীতে তারা নিরাপত্তা ও সামাজিক নানা বাস্তবতার কারণে গোপনে ভোট দিয়ে এলেও এবার প্রকাশ্যে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা করেছেন।
মিছিলে অংশ নেওয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব কুমার সাহা বলেন, আমরা বহু বছর চুপচাপ ভোট দিয়েছি। কিন্তু এবার আর লুকিয়ে নয়। বিএনপির নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়েছে, বিপদের সময় সহযোগিতা করেছে। তাই আমরা প্রকাশ্যেই ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মতামত