দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের খুজনা গ্রামের মাঝাপাড়া এলাকায় অবস্থিত একটি কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালী প্রতিমা মাটিতে ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরটি বাঁশ দিয়ে বেষ্টিত এবং সাধারণত সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ঘটনার রাতে পাশের এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। ফলে গ্রামবাসীর অধিকাংশই সেখানে ব্যস্ত ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়েই দুর্বৃত্তরা মন্দিরে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
মন্দির কমিটির সভাপতি বসন্ত চন্দ্র রায় জানান, “দুর্বৃত্তরা প্রতিমাটি ফেলে দিয়ে হাত ও মাথা ভেঙে দিয়েছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।”
শনিবার সকালে পূজা দিতে এসে স্থানীয় বাসিন্দা জোৎস্না রাণী প্রথম ভাঙচুরের বিষয়টি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে অন্যদের খবর দেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রশাসনের কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন, পাশাপাশি ধর্মীয় স্থাপনার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
মতামত