সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।
নিহত ঝরনা মাঝি উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়লীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সময় শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাসের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে বিষয়টি থানার এসআই সুদেবের মাধ্যমে একবার মীমাংসাও করা হয়েছিল।
শ্বশুর নীরা মাঝির দাবি, ঝরনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নিহতের বাবা পরিতোষ শিয়লী জানান, পাশের বাড়ির লোকজনের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। তার দাবি, ঘটনাটি রহস্যজনক এবং শ্বশুরবাড়ির সঙ্গে মেয়ের পূর্ব থেকে বিরোধ ছিল।
স্থানীয় একাধিক প্রতিবেশীরা জানান, ঝর্না অত্যন্ত ভালো স্বভাবের ছিলেন। তারা এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত