চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে একই রাতে দুটি হিন্দু ধর্মীয় উপাসনালয় এবং একটি সমবায় সমিতির অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ এবং এলাকাবাসী জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা হাবিলাসদ্বীপ শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির এবং শক্তি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অফিসে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। সকালে মন্দির ও সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা এসে তালা ভাঙা ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চোরচক্র পরিকল্পিতভাবে একই রাতে তিনটি প্রতিষ্ঠানে চুরি চালিয়েছে। তবে কী পরিমাণ মালামাল বা অর্থ চুরি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তালিকা প্রস্তুতের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত