নরসিংদীতে সনাতন ধর্মাবলম্বীদের পরম শ্রদ্ধেয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই সভার প্রেক্ষাপট এবং ডেকোরেশন নিয়ে সাধারণ সনাতনীদের মধ্যে তীব্র অসন্তোষ এবং প্রশ্ন দেখা দিয়েছে। সভাটি ধর্মীয় উৎসবের প্রস্তুতির জন্য আহ্বান করা হলেও, সভাকক্ষের মূল ব্যানারে ধর্মীয় আবহ বা দেব-দেবীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
অনুষ্ঠানের ব্যানারে দৃশ্যমানভাবে শোভা পাচ্ছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দলটির শীর্ষ নেতা তারেক রহমানের ছবি। অথচ, যে জন্মাষ্টমী এবং দুর্গাপূজা উদযাপনের বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু, সেই আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ কিংবা দেবী দুর্গার কোনো ছবি বা প্রতীকী চিহ্ন ব্যানারে স্থান পায়নি। এই ঘটনা সাধারণ ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষকে হতবাক করেছে।
এ বিষয়ে উপস্থিত সাধারণ সনাতনীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ধর্মীয় উৎসবের প্রস্তুতি সভা হলেও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছবির আড়ালে ধর্মীয় ভাবধারা ঢাকা পড়ে গেছে। ব্যানারে রাজনৈতিক নেতাদের ছবি রাখার ব্যাপারে দ্বিমত না থাকলেও, আরাধ্য দেব-দেবীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা বা প্রতীকী উপস্থিতি না থাকাটা মেনে নেওয়া কষ্টকর বলে জানিয়েছেন অনেকে। এটি আসলে পূজার প্রস্তুতি সভা ছিল নাকি কোনো রাজনৈতিক দলের সভা—সেই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সনাতনী অধিকার ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কর্মসূচিতে নূন্যতম ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন ছিল বলে মনে করছেন সচেতন নাগরিকরা। ধর্মীয় অনুষ্ঠানের ব্যানারে অন্তত ভগবান শ্রীকৃষ্ণ ও মা দুর্গার প্রতীক থাকা উচিত ছিল—এটাই সাধারণ সনাতনীদের স্বাভাবিক প্রত্যাশা।
(News copied from- 'হিন্দুস নিউজ')
মতামত