চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পাঁচলাইশের মিমি সুপার মার্কেটে ঘটেছে এক চাঞ্চল্যকর স্বর্ণ আত্মসাতের ঘটনা। দীর্ঘ ১২-১৩ বছর ধরে বিশ্বস্ততার সাথে কাজ করা সেলসম্যানের প্রতারণার শিকার হয়েছেন নিউ কনক বাহার জুয়েলার্সের মালিক বিপ্লব বসাক। গত ১৪ আগস্ট ২০২৬ দুপুরে দোকানের নিয়মিত মজুদ স্টক মেলাতে গিয়ে দেখা যায়, স্বর্ণের পরিবর্তে অতি সূক্ষ্মভাবে সাজিয়ে রাখা হয়েছে ইমিটেশনের চুড়ি। আসল ৫৩টি স্বর্ণের চুড়ি, যার ওজন প্রায় ৭৯.৫১ ভরি এবং আনুমানিক মূল্য এক কোটি আটাশি লক্ষ উনত্রিশ হাজার নয়শত টাকা, কৌশলে সরিয়ে নিয়ে সুযোগ বুঝে বাথরুমের কথা বলে চম্পট দেয় মূল অভিযুক্ত সেলসম্যান রোমেন দে। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিষ্ঠান প্রধান মামলা দায়ের করলে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে মূল অভিযুক্ত রোমেন দে-কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রোমেন জানায়, আত্মসাৎ করা অলংকারগুলো সে বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মর্ডাণ ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহের কাছে বন্ধক রেখেছিল। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বোয়ালখালী থেকে শ্যামল সিংহকে গ্রেফতার করে এবং তার দোকান থেকে বিপুল পরিমাণ অলংকার জব্দ করে।
শ্যামল সিংহকেও তিন দিনের রিমান্ডে নিয়ে জেরা করার পর তদন্তের পরিধি আরও বিস্তৃত হয়। তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য মতে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, বাকলিয়া এবং চকবাজার থানার বিভিন্ন জুয়েলার্স ও বন্ধকী ব্যবসায়ী—যেমন মর্ডাণ রিনা জুয়েলার্স, সাহা জুয়েলার্স, মর্ডাণ রিয়া জুয়েলার্স, শাহ আমানত জুয়েলার্স, ফেন্সী জুয়েলার্স, তাজমহল জুয়েলার্স এবং বেশ কয়েকজন স্বতন্ত্র বন্ধকী ব্যবসায়ীর নিকট থেকে উদ্ধার করা হয় আরও বিপুল পরিমাণ স্বর্ণ। পুলিশের এই প্রশংসনীয় ও নিখুঁত অভিযানে এ পর্যন্ত মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা সম্ভব হয়েছে আত্মসাৎকৃত ও বন্ধক রাখা সর্বমোট ৫৫ পিস স্বর্ণের চুড়ি, যার মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি (১১৫৮.৩৩ গ্রাম)। স্থানীয় ব্যবসায়ী মহল সিএমপির এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মতামত