রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশীদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (২৫ আগস্ট) এই রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বদলির কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত ও সংবাদ সম্মেলনের কারণে আলোচনায় ছিলেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। ওই ঘটনায় দুই সন্দেহভাজনকে আটকের তথ্যও তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন।
মতামত