চট্টগ্রামের হাটহাজারীতে শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। দীর্ঘ বন্দিদশার মাঝে গর্ভধারিণী মায়ের শেষকৃত্যে অংশ নিতে মাত্র পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সুযোগ পান সনাতন ধর্মীয় সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তাকে চট্টগ্রাম কারাগার থেকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে নিয়ে আসে। প্রিজনভ্যান থেকে নামতেই অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির মাঝে দুহাত জোড় করে দাঁড়িয়ে পড়েন তিনি। চোখেমুখে স্পষ্ট ছিল স্বজন হারানোর বেদনাবোধ ও গভীর আকুলতা। তার এই স্তব্ধ ও অশ্রুসজল উপস্থিতিতে উপস্থিত হাজারও ভক্ত ও অনুসারীর মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসার, স্ট্রোক ও হৃদরোগে ভুগছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের ৭১ বছর বয়সী মা সন্ধ্যা রাণী ধর। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে পুণ্ডরীক ধাম আশ্রমেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে জীবনের শেষ সময়টুকু প্রিয় ছেলের স্মৃতিবিজড়িত এই আশ্রমে কাটানোর আকুতি জানিয়েছিলেন এই বৃদ্ধা। সন্তান দীর্ঘদিন কারাগারে বন্দি থাকায় মানসিকভাবে চরম বিপর্যস্ত ছিলেন তিনি এবং প্রতিনিয়ত পথ চেয়ে ছিলেন ছেলের মুক্তির জন্য। জীবনপ্রদীপ নিভে যাওয়ার আগে কারাবন্দি সন্তানকে অন্তত এক নজর দেখার জন্য আকুল আবেদন জানিয়ে ভিডিও বার্তা পাঠালেও সেই ইচ্ছা আর পূরণ হয়নি। শেষ পর্যন্ত জীবিত অবস্থায় সন্তানকে দেখতে না পাওয়ার অসীম বেদনাই ছিল তার শেষ সঙ্গী। (News copied from- 'হিন্দুস নিউজ')
মায়ের প্রয়াণের পর শেষকৃত্যে যোগ দিতে প্রশাসনের অনুমতিতে কয়েক ঘণ্টার জন্য মুক্তি পেয়ে পুণ্ডরীক ধামে পৌঁছে চিন্ময় কৃষ্ণ দাস ধামের বিভিন্ন মন্দিরে প্রণাম নিবেদন করেন এবং হরিস্নান সম্পন্ন করেন। এরপর মায়ের সমাধিস্থলের দিকে অগ্রসর হয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। বৃষ্টির অবিরাম ধারা আর সন্তানের আকুল ক্রন্দনে যেন একাকার হয়ে যায় পুরো আশ্রম এলাকা। সব আনুষ্ঠানিকতা শেষে মাকে চিরবিদায় জানিয়ে নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে দায়েরকৃত একটি মামলাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আরও একাধিক মামলায় জড়ানো হয়। অতি সম্প্রতি কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনি জটিলতায় তার পূর্ণাঙ্গ মুক্তি মেলেনি। স্বাধিকার, ন্যায়বিচার ও মানবাধিকারের বাণী বহনকারী একজন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বের এই পারিবারিক বিয়োগান্তক ঘটনা সমগ্র হিন্দু সমাজ তথা মানবতাবাদী যেকোনো নাগরিকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।
মতামত