কক্সবাজারের উখিয়ায় দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে শ্মশানের দক্ষিণ পাশে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
শ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মৃদুল আইচের দাবি, অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ব্যক্তি শ্মশানের দক্ষিণ পাশের সীমানাপ্রাচীরের মধ্যমাংশের প্রায় ১৫ ফুট ভেঙে দেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন মৃদুল আইচ।
শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রতন কান্তি দে বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য হিসেবে জন্ম নেওয়ায় তাঁরা নিজেদের অভিশপ্ত মনে করছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং শ্মশানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্মশান পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
মতামত