চট্টগ্রামের মিরসরাইয়ে মিনু রানী দে (প্রকাশ তুলশী) নামে এক হিন্দু বৃদ্ধ মহিলার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক ৯টার দিকে মিনু রানী দে (প্রকাশ তুলশী)-এর বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং তা বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনের কবলে পড়ে মারা যায়।
চোখের সামনে আগুনে নিজেদের ঘরবাড়ি ও গবাদিপশু হারিয়ে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে দুটি গরুর মৃত্যুতে পরিবারটির আর্থিক ক্ষতির পাশাপাশি নেমে এসেছে গভীর শোক ও অসহায়ত্ব। মুহূর্তের আগুনে দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ ও প্রয়োজনীয় অবকাঠামো হারিয়ে পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
মতামত