নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জেলা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপারের দাবি, পুরনো ফুটেজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আলোচিত বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতিই নেই। ফলে সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবার, বাড়িঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোকে ভিত্তিহীন গুজব হিসেবে উল্লেখ করে প্রশাসন জানায়, সত্য আড়াল করতেই ভুয়া কনটেন্ট ব্যবহার করা হচ্ছে। সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার পাশাপাশি প্রতিটি মানুষের জানমাল ও মানবাধিকার রক্ষায় প্রশাসন সজাগ রয়েছে বলেও সংশ্লিষ্ট মহল মনে করে।
(News copied from- 'হিন্দুস নিউজ')
সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় শাহীন শেখ ও সোহেল মোল্যা নিহত হন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, ওই জোড়া হত্যাকাণ্ডের জের ধরে গতকাল শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
মতামত