শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের প্রতিটি সনাতনী ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা, সার্বিক নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। রোববার কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সার্বিক নিরাপত্তা বিধানের বিষয়ে গুরুত্বপূর্ণ এ বার্তা প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে কোনো গুপ্তবাহিনী বা নিষিদ্ধ সংগঠন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সনাতনীদের উৎসব ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে। পূজাকে কেন্দ্র করে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রত্যক্ষ আশঙ্কা দৃশ্যমান না হলেও কোনো ধরনের অসতর্কতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এই সভায় সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার সুসংহত করতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার ধারণকৃত ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার সুনির্দিষ্ট প্রস্তুতি রাখার তাগিদ দেওয়া হয়, যেন যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
সনাতনীদের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') ছুটি চলাকালীন সময়েও যেন স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন সার্বিক তদারকি অব্যাহত রাখে, সে নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার দৃষ্টান্তমূলক উদ্যোগকেও স্বাগত জানানো হয়। এলাকার সার্বিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসককে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতা অক্ষুণ্ণ রাখার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতিমূলক সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত