শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখালে প্রবীণ মায়েদের মাঝে শারদীয় বস্ত্র উপহার প্রদান করেছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ। শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির ২১তম মানবিক কার্যক্রমের ষষ্ঠ পর্বের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রবাসে অবস্থান করেও দেশের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দুর্গোৎসবের আনন্দ প্রবীণ মায়েদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রকাশের পাশাপাশি মুখে হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের প্রতিনিধি দলের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্রী সমীর সূত্রধর, বাংলাদেশ সনাতন মহাসংঘের চাঁদপুর জেলা কমিটির সভাপতি শ্রীমান সম্রাট চৌধুরী ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘের কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা শ্রীমান শুকেন দেব, বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের বাংলাদেশ প্রতিনিধি শ্রীমান রাজিব সরকার ও শ্রীমান মিঠুন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্রী সমীর সূত্রধর বলেন, “আমরা প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মিক বন্ধন সব সময় অটুট রয়েছে। সমাজের অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে হাসি ফোটানোর মধ্যেই আমরা মানবসেবার প্রকৃত আনন্দ খুঁজে পাই। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রবীণ মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে করা প্রতিটি কাজই মহৎ। ভগবানের কৃপায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে মানবিক, সামাজিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতেও মানবসেবা ও সনাতনী সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।
মতামত