হিন্দুস নিউজ

দূর্গা পূজা -২০২৬

সাতকানিয়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি অনুদান আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ

সাতকানিয়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি অনুদান আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্গোৎসবের সরকারি অনুদান ও বরাদ্দ হাতিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অস্তিত্বহীন বা ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ও অনুদানের মতো পবিত্র বিষয় নিয়ে এমন দুর্নীতির কারণে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সব নাগরিক ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত দাবি করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত সাতকানিয়া উপজেলা দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের তালিকা অনুযায়ী ৭৮ নম্বর ক্রমিকে দক্ষিণ কাঞ্চনা তালুকদার বাড়ি শ্যাম মন্দির ঘট পূজা নামের একটি মণ্ডপের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ওই তালিকায় সভাপতি হিসেবে পলাশ দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবলু তালুকদারের নাম উল্লেখ রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা দৃঢ়ভাবে জানিয়েছেন যে ওই এলাকায় উল্লেখিত নামে কোনো দুর্গাপূজার মণ্ডপ বা মন্দির নেই এবং সম্পূর্ণ ভুয়া নাম ব্যবহার করে তালিকা তৈরি করা হয়েছে। এই ভুয়া মণ্ডপের দেখিয়ে একটি চক্র সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত সভাপতি পলাশ দাশের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। News copied from- 'হিন্দুস নিউজ' অন্যদিকে তালিকায় নাম থাকা সাধারণ সম্পাদক বাবলু তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ বিস্ময় প্রকাশ করে জানান যে তাকে এই মণ্ডপের সাধারণ সম্পাদক করা হয়েছে কি না তা তিনি কিছুই জানেন না এবং মণ্ডপটি কোথায় অবস্থিত সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে বিষয়টি এই মাত্র তার নলেজে এসেছে এবং কে বা কারা এমন ভুয়া মণ্ডপ দেখিয়ে অর্থ আত্মসাত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান যে তালিকায় নাম থাকা সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে এবং অনিয়ম-দুর্নীতি করে পার পাওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই, যারাই জড়িত থাকুক না কেন প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সাতকানিয়া উপজেলা পূজা মণ্ডপ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী সৈকত পালিত জানান যে তিনি বিষয়টি কিছুদিন আগে শুনেছেন এবং বিস্তারিত জেনে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা ও সরকারি তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিমা বিসর্জন দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

 বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার ডুমনিবাড়ি জামে মসজিদ-সংলগ্ন এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।পরে মরদেহটি দাড়িয়াপুরের দোপাপাড়া এলাকায় নেওয়া হলে পরিবারের সদস্যরা বিজয়কে শনাক্ত করেন।বিজয় চন্দ্র কোচ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন শেষে রতনগঞ্জ থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন বিজয়। পথে গোয়ালবাড়ি-সংলগ্ন বংশাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।এ ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দিনব্যাপী নদীতে তল্লাশি চালান। তবে তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বাসাইল উপজেলার জলসীমায় তার মরদেহ ভেসে ওঠে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিমা বিসর্জন দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

পূজা মণ্ডপের নিরাপত্তায় জীবন দিলেন আনসার ও ভিডিপির ৪ সদস্য

শারদীয় দুর্গাপূজার আলোকোজ্জ্বল উৎসবে যখন সমগ্র দেশ ও সনাতন ধর্মাবলম্বী সমাজ আনন্দের জোয়ারে ভেসেছিল, ঠিক তখনই পূজামণ্ডপ ও সাধারণ পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে গিয়ে চিরদিনের জন্য নিভে গেল চারটি তাজা প্রাণ। হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবকে নিরাপদ, সর্বজনীন ও বিঘ্নহীন রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপির চারজন নিবেদিতপ্রাণ সদস্য ও সদস্যা নিজেদের অকাতরে সঁপে দিয়ে অনন্তযাত্রার পথ ধরেছেন। অর্পিত দায়িত্বের প্রতি তাঁদের এই সর্বোচ্চ আত্মত্যাগ ও অসামান্য নিষ্ঠাকে পরম শ্রদ্ধায় স্মরণ করছে সর্বস্তরের মানুষ ও সংশ্লিষ্ট বাহিনী।  ​সংবাদ সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুরের পূর্ব কিশামত হামিদ সর্বজনীন দুর্গা মন্দিরে ডিউটিরত অবস্থায় গত ২১ অক্টোবর দুপুর পৌনে একটার দিকে ভিডিপি সদস্য তারা মিয়া (৫৬) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই উপজেলার কিশামত গ্রামের ভিডিপি সদস্যা পারভীন (৪৬) ১৭ অক্টোবর দুপুরে বড়বাড়ী সর্বজনীন দুর্গা মন্দিরে দায়িত্ব পালনকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১৮ অক্টোবর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে, টাঙ্গাইলের দেলদুয়ারের পাছ এলাসিন স্বর্গীয় বনবাসি পালের বাড়ির পূজা মণ্ডপে দায়িত্ব পালনকালে ১৮ অক্টোবর অসুস্থ হয়ে মারা যান ভিডিপি সদস্য মো: ফিরোজ খান (৬০)। এছাড়া কুড়িগ্রাম সদরের তরুণ টিডিপি সদস্য মো: লিমন শেখ (২২) নব-বারোয়ারী পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে ১৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন।  ​(News copied from- 'হিন্দুস নিউজ')​এই চারজন সদস্য কেবল একটি বাহিনীর পোশাকি প্রহরীর দায়িত্বই পালন করেননি, বরং সনাতনী সমাজের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের শান্তি রক্ষা, সম্প্রীতি বিধান এবং সার্বিক মানবাধিকার সুসংহত রাখার এক অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের প্রমাণ করে গেছেন। অন্যের ধর্মীয় আনন্দ ও সুরক্ষা সুনিশ্চিত করতে গিয়ে তাঁরা নিজেরা চির অন্ধকারে হারিয়ে গেলেও রেখে গেছেন পরম দায়িত্বশীলতা ও মানবিকতার এক অনন্য নজির। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নিরাপত্তার বেদিমূলে তাঁদের এই অসামান্য অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 

পূজা মণ্ডপের নিরাপত্তায় জীবন দিলেন আনসার ও ভিডিপির ৪ সদস্য

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে তন্নি দে (২০) নামের এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।নিহত তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর বাবার বাড়িতে এটিই ছিল তার জীবনের প্রথম দুর্গোৎসব।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে অন্যান্য নারীদের সঙ্গে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেয়ার আনন্দঘন আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। পরে দ্রুত সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই আকস্মিক ঘটনায় বিসর্জনস্থলের পুরো উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায়। যে উৎসবে সিঁদুরের রঙে রঙিন হওয়ার কথা ছিল বিজয়ার শেষ বিকেল, সেখানে নেমে আসে মাতম ও কান্নার আবহ। একমাত্র মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা মহাদেব দেসহ পরিবারের অন্য সদস্যরা।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

'বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো। সাবাশ বাংলাদেশ!’বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে নিজের অভিজ্ঞতা ও ভালো লাগার কথা তুলে ধরেন ময়ূখ রঞ্জন। গত ৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় এসেছিলেন তিনি।পোস্টে চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর প্রশংসা করে ময়ূখ রঞ্জন লেখেন, তাঁকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে চট্টগ্রামের আয়োজন। কলকাতার বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থার প্রতি চট্টগ্রামের পূজাগুলোর জন্য পুরস্কার রাখার আহ্বানও জানান তিনি। তাঁর মতে, সম্ভব হলে কুরিয়ারের মাধ্যমে এসব পূজামণ্ডপকে সম্মাননা পাঠানো উচিত।চট্টগ্রামের দুটি পূজামণ্ডপের নাম বিশেষভাবে উল্লেখ করে তিনি লেখেন, ষোড়শীকুঞ্জ সর্বজনীন পূজা উদযাপন পরিষদ (কোতোয়ালী, চট্টগ্রাম) এবং উত্তর কাট্টলী তালুকদার বাড়ি (বাণী মন্দির) প্রাঙ্গণের আয়োজন তাঁর চোখে সমানভাবে সেরা। এরপর খলিফাপট্টি ও ব্রজধাম স্মৃতি সংসদসহ অন্যান্য পূজার কথা উল্লেখ করেন তিনি। যেসব আয়োজন তাঁর চোখ এড়িয়ে গেছে, সেগুলোর তথ্য জানাতেও অনুরোধ করেছেন, যাতে পরেরবার সেগুলো নিয়ে আগে থেকেই প্রচার করতে পারেন।‘কোনো এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরব’এ বছর ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অনেক প্রতিমা দেখেছেন বলে জানিয়েছেন ময়ূখ রঞ্জন। ভবিষ্যতে বাংলাদেশে এসে সরাসরি পূজামণ্ডপ ঘুরে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।ফেসবুক পোস্টে তিনি লেখেন, কোনো এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরবেন। পাশাপাশি বাংলাদেশের পূজামণ্ডপে ফুচকা পাওয়া যায় কি না, তা জানতে চেয়েছেন। ফুচকার পাশাপাশি ক্লান্ত হলে মসলা কোলা খাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের পূজার খাবার নিয়ে তাঁর এই কৌতূহল পোস্টে আলাদা মাত্রা যোগ করেছে।ময়মনসিংহের সিঁদুরখেলার মিছিলেও মুগ্ধময়মনসিংহের দুর্গাবাড়ি রোডে সিঁদুরখেলার মিছিলের প্রশংসাও করেছেন ময়ূখ রঞ্জন। তাঁর ভাষ্য, ওই মিছিল দেখে তাঁর নিজেরও সেখানে চলে যেতে ইচ্ছা হয়েছিল।দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের নাচের দৃশ্য তাঁকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। আগামীবারের আয়োজনে অভিনেতা দেবকে সরাসরি যুক্ত করার চেষ্টা করার পরামর্শও দিয়েছেন। পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে সঙ্গে রাখার প্রস্তাব দিয়ে লিখেছেন, এতে আয়োজন আরও জমে উঠবে।কুমিল্লার রথযাত্রা ও পূজার প্রশংসাকুমিল্লার রথযাত্রার আয়োজনেরও প্রশংসা করেছেন ময়ূখ রঞ্জন। তাঁর ভাষায়, কুমিল্লার রথের উৎসব ছিল অভূতপূর্ব। তবে কুমিল্লা ও সিলেটে থিমভিত্তিক পূজার আয়োজন তাঁর চোখে পড়েনি বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের আয়োজন কারও নজরে এলে তাঁকে ট্যাগ করার অনুরোধও জানিয়েছেন।বরুড়ায় দুর্গাপূজা ফিরে আসায় আনন্দপোস্টের শেষাংশে কুমিল্লার বরুড়া উপজেলার একটি গ্রামের দুর্গাপূজা নতুন করে শুরু হওয়ার বিষয়টি তুলে ধরেন ময়ূখ রঞ্জন। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্রামটিতে একসময় জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হতো। দীর্ঘ বিরতির পর সেখানে আবার পূজার আয়োজন হওয়াকে তিনি আনন্দের খবর হিসেবে উল্লেখ করেছেন।এ প্রসঙ্গে নিজের পোস্টে তিনি লেখেন, ‘জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিয়ো না!’বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দুর্গাপূজা, প্রতিমা, সিঁদুরখেলা ও রথযাত্রার আয়োজন নিয়ে ময়ূখ রঞ্জনের এই পোস্টে তাঁর ব্যক্তিগত মুগ্ধতার পাশাপাশি ঐতিহ্য ধরে রাখার বার্তাও উঠে এসেছে

'বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের কুমার নদ থেকে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়া সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কৌশিক সাহা জিতুর (২৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর এলাকার মদনখালী স্লুইসগেট-সংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।কৌশিক সাহা জিতু সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ফরিদপুরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা দেখতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন জিতু। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যক্তিগত কোনো মোবাইল ফোনও ছিল না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন ১৯ অক্টোবর তাঁর বাবা কমলেশ কুমার সাহা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৩৮৮।নিখোঁজ জিতুর সন্ধানে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ-পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা চাবির গোছা দিয়ে বাড়ির তালা খুলে পরিচয় নিশ্চিত করার তথ্যও জানা গেছে।উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কৌশিক সাহা জিতুর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় মা ভবানী একতা সংঘের আয়োজনে বিজয়া দশমী উদযপন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উদ্‌যাপন করেছে মা ভবানী একতা সংঘ। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা দুপুর পর্যন্ত চলে। পরে বিকেলে গ্রাম পরিক্রমা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। এ উপলক্ষে দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় মা ভবানী একতা সংঘের আয়োজনে ভক্তি-শ্রদ্ধা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দেবী দুর্গার প্রতি প্রণতি নিবেদন এবং অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের প্রার্থনায় অংশ নেন ভক্তরা।সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা দুপুর পর্যন্ত চলে। পরে বিকেলে দেবী দুর্গার প্রতিমা নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। এ সময় বিদায়ের সুরে উৎসবস্থলে তৈরি হয় আবেগঘন পরিবেশ। গ্রাম পরিক্রমা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।ধর্মীয় বিশ্বাস ও পৌরাণিক কাহিনি অনুসারে, দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের প্রতীক। তাই বিজয়া দশমী সত্যের জয়, অন্যায়ের পরাজয় এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয় বহন করে। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে ভক্তরা আগামী বছর আবারও তাঁর আগমনের প্রত্যাশা করেন।বিজয়া দশমীর তাৎপর্য কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। হিংসা, বিদ্বেষ ও অন্যায় পরিহার করে ভালোবাসা, সহমর্মিতা, ক্ষমা এবং মানবিকতার চর্চার বার্তাও দেয় এ উৎসব। এ দিন স্বজন ও পরিচিতজনদের মধ্যে শুভেচ্ছা বিনিময়, প্রণাম এবং আশীর্বাদ গ্রহণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।মা ভবানী একতা সংঘের এবারের দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ ছিল ‘শ্রীচরণেষু—বাবা’ শীর্ষক থিম। এতে একজন বাবার নীরব সংগ্রাম, সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়। ধর্মীয় উৎসবের পাশাপাশি পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আয়োজনটি বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা এবং প্রিয়জনের অবদানকে সম্মান জানানোর বার্তা দেয়।বিজয়া দশমীর বিদায়ের বেদনার মধ্যেও ভক্তদের প্রত্যাশা, দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকুক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় মা ভবানী একতা সংঘের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে

রাঙ্গুনিয়ায় মা ভবানী একতা সংঘের আয়োজনে বিজয়া দশমী উদযপন

যাত্রাবাড়ীতে পূজামণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ যুবক আটক: আনসার-ভিডিপির সক্রিয় তৎপরতা

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ ঘিরে কড়া নিরাপত্তার মধ্যেই রাজধানীর যাত্রাবাড়ীতে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকাল আনুমানিক চারটার দিকে কাজলারপাড় সার্বজনীন মাতৃ পূজামণ্ডপের পাশ থেকে তাকে আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সতর্ক পাহারায় তার সম্ভাব্য নাশকতার চেষ্টা নস্যাৎ হয়।মণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরার সময় আনসার-ভিডিপির সহকারী সেকশন কমান্ডার মোঃ শাহাদাত হোসেন, ভিডিপি সদস্য ও পুলিশ যৌথভাবে ২৫ বছর বয়সী যুবক রাব্বিকে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ক্ষতিকারক কালো রঙের ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়, যা জনমনে তীব্র আতঙ্ক ও আশঙ্কার সৃষ্টি করেছে।বর্তমানে আটক যুবককে যাত্রাবাড়ী থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশজুড়ে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আনসার-ভিডিপি। এই সমন্বিত তৎপরতা মণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে।

যাত্রাবাড়ীতে পূজামণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ যুবক আটক: আনসার-ভিডিপির সক্রিয় তৎপরতা

মণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা ঠেকিয়ে দিলো আনসার: হাতুড়ি-দাসহ যুবক আটক

রাজধানীর পল্লবীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের একটি বড় নাশকতা চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৮ অক্টোবর, রবিবার রাত আনুমানিক দশটার দিকে পল্লবীর বাউনিয়াবাদ রবিদাস পাড়ার সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। দর্শনার্থীর ছদ্মবেশে এক যুবক দেশীয় অস্ত্রশস্ত্রসহ মণ্ডপে প্রবেশ করলে কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় সে ধরা পড়ে।মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সহকারী সেকশন কমান্ডার (এপিসি) মোঃ আবুল খায়ের এক যুবকের সন্দেহজনক চলাফেরা লক্ষ করেন। এরপর যুবকটি মন্দিরের নির্ধারিত বাঁশের বেষ্টনী অতিক্রম করে প্রতিমা ভাঙার উদ্দেশ্যে প্রতিমার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে হাসান ইসলাম তুষার (২৫) নামের ঐ যুবককে হাতেনাতে জাপটে ধরেন এপিসি আবুল খায়ের।পরবর্তীতে আটককৃত তুষারের ব্যাগ তল্লাশি করে একটি বড় দা, হাতুড়ি, বাটাল ও ছেনিসহ বেশ কিছু ভয়ংকর দেশীয় নাশকতামূলক সরঞ্জাম জব্দ করা হয়। রাতেই জব্দকৃত অস্ত্রসহ আটক যুবককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় পূজা উদযাপন কমিটি এবং উপস্থিত সাধারণ পূজার্থীরা আনসার সদস্যদের এমন অসীম সাহসিকতা, দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সময়োচিত এই ভূমিকার কারণে একটি বড় ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা, যা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের এক অনন্য নজির।

মণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা ঠেকিয়ে দিলো আনসার: হাতুড়ি-দাসহ যুবক আটক

মিরসরাইয়ে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে পূজার আনুষ্ঠানিকতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম প্রিয়াঙ্কা দাশ (৩২)। তিনি ওই এলাকার পলাশ দাশের স্ত্রী। এই দম্পতির পুষ্পিতা দাশ ও অর্পিতা দাশ নামের দুটি মেয়ে রয়েছে। পুষ্পিতা সপ্তম শ্রেণির শিক্ষার্থী আর অর্পিতা দ্বিতীয় শ্রেণিতে পড়ে।নিহত প্রিয়াঙ্কা দাশের স্বজন বাদল দাশ বলেন, ‘দুর্গাপূজার অষ্টমীর দিনে অশ্বিনীকুমার ব্রতের ভাত নামে আমাদের একটি পূজা ছিল আজ। সেই পূজার আনুষ্ঠানিকতা করতে পূজার সরঞ্জাম নিয়ে সকালে বাড়ির পাশের পুকুরে যায় প্রিয়াঙ্কা দাশ। পুকুরটিতে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ একটি তার ছিঁড়ে পানিতে পড়েছিল। না জেনে সে পানি ধরতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে প্রিয়াঙ্কার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রিয়াঙ্কার লাশ উদ্ধার করে।’বাদল দাশ বলেন, ‘পূজার এই আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল। প্রিয়াঙ্কার মৃত্যুতে বড় অসহায় হয়ে গেল তাঁর মেয়ে দুটি। শুনেছি তার ছিঁড়ে পড়ার বিষয়টি রাতেই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়েছিল, কিন্তু তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি।’জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আদনান আহম্মদ চৌধুরী  বলেন, ‘পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ার বিষয়টি রাতে আমাদের কেউ জানিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় রাত চারটা থেকে বিদ্যুৎ না থাকার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম। সকালে জানতে পারি, ওই এলাকায় একটি পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। এই ঘটনায় পল্লী বিদ্যুতের কোনো কর্মীর গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন আজ দুপুরে  বলেন, ‘উত্তরা আমবাড়িয়া এলাকায় পুকুরে নেমে পূজা অর্চনা করতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ওই ঘটনায় এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।’

মিরসরাইয়ে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশের মৃত্যু

মহাঅষ্টমীতে ভক্তির জোয়ার, মীরসরাইয়ের দেওয়ানপুরে প্রথমবারের মতো কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম পবিত্র তিথি মহাঅষ্টমী উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি, চণ্ডীপাঠ ও ভক্তদের প্রার্থনায় মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। মহাঅষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে গভীর ধর্মীয় আবেগ ও উৎসাহ-উদ্দীপনা।সোমবার (১৯ অক্টোবর) মহাঅষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ৩৪ মিনিটের মধ্যে মহাঅষ্টমীর মূল বিহিত পূজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিট পর্যন্ত সন্ধিপূজার সময় নির্ধারণ করা হয়েছে।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত সন্ধিপূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবী দুর্গার চামুণ্ডা রূপে চণ্ড ও মুণ্ড অসুর বধের পৌরাণিক ঘটনাকে স্মরণ করে এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।মহাঅষ্টমীর অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পূজা। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, বয়ঃসন্ধির পূর্ববর্তী কুমারী কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতিরূপ হিসেবে আরাধনা করা হয়। ফুল, চন্দন, বস্ত্র ও বিভিন্ন পূজার উপকরণ নিবেদনের মাধ্যমে কুমারীর মধ্যে মাতৃশক্তির আরাধনা করেন ভক্তরা।রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী কুমারী পূজার আয়োজনের কথা রয়েছে। এই পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক ভক্তের সমাগম প্রত্যাশা করা হচ্ছে।এদিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দেওয়ানপুরে এ বছর প্রথমবারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়েছে।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথিতে প্রথমবারের মতো কুমারী আরাধনার উদ্যোগ দেওয়ানপুরের ধর্মীয় উৎসবে যোগ করেছে নতুন মাত্রা।কুমারী পূজার মাধ্যমে নারীর প্রতি শ্রদ্ধা, মাতৃশক্তির বন্দনা এবং সনাতন ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়। দেওয়ানপুরে এই প্রথম আয়োজন স্থানীয় পূজার ইতিহাসে একটি স্মরণীয় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।এর আগে মহাসপ্তমী উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে নবপত্রিকা স্থাপন, দেবীর বিশেষ পূজা, অঞ্জলি প্রদান ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস ও ভক্তির আবহে মহাঅষ্টমীর এই পবিত্র আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুধু একটি উৎসব নয়, বরং অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির প্রতিষ্ঠা এবং মানবকল্যাণের এক গভীর আধ্যাত্মিক বার্তা।**Hindus News — Voice of Hinduism**

মহাঅষ্টমীতে ভক্তির জোয়ার, মীরসরাইয়ের দেওয়ানপুরে প্রথমবারের মতো কুমারী পূজা

কলকাতার দুর্গাপূজায় শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির ডাক

​কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কয়ার পূজা মণ্ডপে দুর্গাপূজার মহোৎসব চলাকালীন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। দেবী দুর্গার আরাধনায় যখন সারা বাংলা মুখর, ঠিক তখনই মণ্ডপে আগত একদল ধর্মপ্রাণ ভক্ত সম্মিলিত কণ্ঠে কারারুদ্ধ ইসকন সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে তীব্র প্রতিবাদ জানালেন। এই ঘটনা কেবল ভক্তদের আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি সমগ্র সনাতনী সমাজের এক সুগভীর বেদনা এবং জাগরণের ইঙ্গিত বহন করে। শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ছিলেন বাংলাদেশের নিপীড়িত সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিবেদিতপ্রাণ। তিনি সেই ভূমিতে সনাতনীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আজ, যখন এই বঙ্গভূমির সনাতনীরা শারদীয় মহোৎসবের আমেজে মগ্ন, তখন তাদের বীর যোদ্ধার নিঃশব্দ কান্নার স্বর কি তারা সত্যি ভুলে গেলেন? প্রশ্ন উঠেছে, আনন্দের আতিশয্যে কি নিপীড়িত স্বজাতির বেদনা ঢাকা পড়ে যাচ্ছে? ভক্তরা দাবি করছেন, অবিলম্বে শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার প্রতি হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে।  ​(News copied from- 'হিন্দুস নিউজ')​এই বঙ্গভূমির মাটিতেই জন্ম নিয়েছেন শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। তার ত্যাগ এবং সংগ্রাম এ দেশের সনাতনীদের জন্য এক অবিস্মরণীয় ইতিহাস। অথচ, ক্ষমতার বেড়াজালে আজ তিনি কারাবন্দী, মুক্তির প্রহর গুনছেন একাকী। কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারের ঘটনা এটি পরিষ্কার করে দিয়েছে যে, শাসকরা হয়তো তাকে বন্দি করতে পেরেছে, কিন্তু ভক্তদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার স্থান একটুও কমেনি। ভক্তদের এই প্রতিবাদ কেবল শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবি নয়, এটি সনাতনী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং বিশ্বব্যাপী মানবতার জয়গানের ডাক। তারা বিশ্বাস করেন, যেখানেই ধর্মাবলম্বীরা অধিকার বঞ্চিত হবেন, যেখানেই ধর্মের ধারকরা নিপীড়িত হবেন, সেখানেই প্রতিবাদের ঝড় উঠবে, যেমনটি উঠেছে কলকাতার শারদীয় উৎসবের মাঝে।

কলকাতার দুর্গাপূজায় শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির ডাক

দুর্গাপূজা দেখতে যাওয়ার সুযোগে চট্টগ্রামে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

শারদীয় দুর্গাপূজার আনন্দের মধ্যেই চট্টগ্রাম নগরীতে ঘটেছে চুরির ঘটনা। পরিবারের সদস্যরা দুর্গাপূজা দেখতে বাইরে যাওয়ার সুযোগে একটি আবাসিক ফ্ল্যাটে ঢুকে স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হেমসেন লাইন এলাকার নূর ম্যানশনের ৯ নম্বর প্লটের চতুর্থ তলার ৭ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী দোলন চন্দ্র প্রেমা সিজিএস (CGS) কলোনি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পরিবারের সবাই পূজামণ্ডপ পরিদর্শনে বাইরে যান। এ সুযোগে তাঁদের অনুপস্থিতিতে বাসায় চুরির ঘটনা ঘটে।পরিবারের দাবি, বাসা থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপা, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে। এতে পরিবারটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসবের সময় পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এমন চুরির ঘটনায় বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।তবে কীভাবে চোর বাসায় প্রবেশ করেছে, এ ঘটনায় কতজন জড়িত এবং থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।হিন্দুস নিউজ — Voice of Hinduism

দুর্গাপূজা দেখতে যাওয়ার সুযোগে চট্টগ্রামে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

মীরসরাইয়ের গোপীনাথপুরে ধর্মীয় নাটক ‘রূপংদেহী’ মঞ্চস্থ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দ্বিতীয় দিনে চট্টগ্রামের মীরসরাই উপজেলার গোপীনাথপুরে উৎসবমুখর পরিবেশে মঞ্চস্থ হয়েছে ধর্মীয় নাটক ‘রূপংদেহী’। স্থানীয় নাট্যশিল্পীদের পাশাপাশি আশপাশের গ্রাম ও বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ নাটক দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে।গোপীনাথপুর সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ নাট্য পরিবেশনা দেখতে রাত ১০টা থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি। রাত ১টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলায়।ধর্মীয় ভাবধারা ও নাট্যশিল্পের সমন্বয়ে আয়োজিত ‘রূপংদেহী’ নাটকে অংশগ্রহণ করেন গোপীনাথপুর গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম ও অন্যান্য এলাকার নাট্যশিল্পীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মঞ্চস্থ হয় এ ধর্মীয় নাটক।নাটকটির পরিচালনায় ছিলেন গোপীনাথপুরের কৃতী সন্তান পূজা দে। তাঁর পরিচালনায় স্থানীয় ও বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ নাট্য পরিবেশনা শারদীয় দুর্গোৎসবে যোগ করে ভিন্নমাত্রা।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল গোপীনাথপুর পূজা উদযাপন পরিষদ। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সনাতনী সংবাদমাধ্যম Hindus News (হিন্দুস নিউজ)।শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এমন নাট্য আয়োজন স্থানীয় সংস্কৃতি, নাট্যচর্চা ও নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে রাতভর দর্শনার্থীদের উপস্থিতি ও নাট্যশিল্পীদের অংশগ্রহণ গোপীনাথপুরের এবারের পূজা আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।Hindus News — Voice of Hinduism

মীরসরাইয়ের গোপীনাথপুরে ধর্মীয় নাটক ‘রূপংদেহী’ মঞ্চস্থ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মীরসরাইয়ে বাংলাদেশ গীতা পরিষদের দুর্গাপূজা পরিক্রমা, মন্দিরে মন্দিরে গীতা ও ক্যালেন্ডার বিতরণ

শারদীয় দুর্গোৎসবের শুভ সপ্তমী তিথিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিক্রমা করেছে বাংলাদেশ গীতা পরিষদ, মীরসরাই উপজেলা কমিটি। ধর্মীয় চেতনা জাগ্রত করা, সনাতনী সমাজে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীর প্রথম দিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে মন্ত্রপাঠ, ধর্মীয় আলোচনা ও জয়ধ্বনির মধ্য দিয়ে দুর্গাপূজা পরিক্রমার প্রথম পর্ব সম্পন্ন করেন সংগঠনটির সদস্যরা।পরিক্রমাকালে প্রতিটি মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা ও সংগঠনের সাংগঠনিক ক্যালেন্ডার প্রদান করা হয়। এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা পরিক্রমার মূল উদ্দেশ্য শুধু বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও শাস্ত্রীয় জ্ঞানচর্চার প্রসার ঘটানো। বিশেষ করে নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত করা এবং দৈনন্দিন জীবনে গীতার বাণী অনুসরণে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।পাশাপাশি সনাতনী সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।তাঁরা আরও জানান, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির অন্যতম উপলক্ষ। এমন আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।পরিক্রমা শেষে বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে মা দুর্গার আশীর্বাদে সকলের জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠা এবং সনাতন ধর্মের শাশ্বত বাণী ও শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।Hindus News | Voice of Hinduism

মীরসরাইয়ে বাংলাদেশ গীতা পরিষদের দুর্গাপূজা পরিক্রমা, মন্দিরে মন্দিরে গীতা ও ক্যালেন্ডার বিতরণ

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, বাড়ি ফিরে আনসার সদস্যের মৃত্যু

 গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন মোছা. পারভীন বেগম (৪৫) নামের এক নারী আনসার সদস্য। ছুটি নিয়ে বাড়ি ফেরার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।‎‎রোববার (১৮ অক্টোবর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রায়।‎‎এর আগে আজ সকালের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার শরীরে স্যালাইন চলছিল বলে জানিয়েছেন স্বজনেরা।‎‎পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।‎‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে অসুস্থ বোধ করেন পারভীন। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান তিনি। এরপর তার অনবরত পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।‎‎এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রায় জানান, আজ শনিবার সকাল ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোববার পারভীনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, বাড়ি ফিরে আনসার সদস্যের মৃত্যু