ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা এবং ভক্তদের উপস্থিতিতে রাজধানীর ঐতিহাসিক খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে মহাজাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলক্ষেত মন্দির কমিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাননীয় মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট এবং ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও খিলক্ষেত সার্বজনীন মন্দির কমিটির স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সনাতনী ভক্তবৃন্দ এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, "শারদীয় দুর্গোৎসব শুধু কোনো একক সম্প্রদায়ের উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক এবং সম্প্রীতি ও মিলনের উৎসব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি ও কল্যাণে কাজ করতে হবে।"
তিনি দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে সমবেত সকল ভক্ত ও দেশবাসীকে শারদ শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা উৎসব সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিমা উন্মোচন এবং আনুষ্ঠানিক মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূজার শুভ সূচনা করা হয়। উদ্বোধন পর্ব শেষে দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে।
মতামত