শারদীয় দুর্গোৎসবের শুভ সপ্তমী তিথিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিক্রমা করেছে বাংলাদেশ গীতা পরিষদ, মীরসরাই উপজেলা কমিটি। ধর্মীয় চেতনা জাগ্রত করা, সনাতনী সমাজে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীর প্রথম দিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে মন্ত্রপাঠ, ধর্মীয় আলোচনা ও জয়ধ্বনির মধ্য দিয়ে দুর্গাপূজা পরিক্রমার প্রথম পর্ব সম্পন্ন করেন সংগঠনটির সদস্যরা।
পরিক্রমাকালে প্রতিটি মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা ও সংগঠনের সাংগঠনিক ক্যালেন্ডার প্রদান করা হয়। এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা পরিক্রমার মূল উদ্দেশ্য শুধু বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও শাস্ত্রীয় জ্ঞানচর্চার প্রসার ঘটানো। বিশেষ করে নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত করা এবং দৈনন্দিন জীবনে গীতার বাণী অনুসরণে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পাশাপাশি সনাতনী সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
তাঁরা আরও জানান, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির অন্যতম উপলক্ষ। এমন আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।
পরিক্রমা শেষে বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে মা দুর্গার আশীর্বাদে সকলের জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠা এবং সনাতন ধর্মের শাশ্বত বাণী ও শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
Hindus News | Voice of Hinduism

মতামত