রাজধানীর পল্লবীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের একটি বড় নাশকতা চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৮ অক্টোবর, রবিবার রাত আনুমানিক দশটার দিকে পল্লবীর বাউনিয়াবাদ রবিদাস পাড়ার সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। দর্শনার্থীর ছদ্মবেশে এক যুবক দেশীয় অস্ত্রশস্ত্রসহ মণ্ডপে প্রবেশ করলে কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় সে ধরা পড়ে।
মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সহকারী সেকশন কমান্ডার (এপিসি) মোঃ আবুল খায়ের এক যুবকের সন্দেহজনক চলাফেরা লক্ষ করেন। এরপর যুবকটি মন্দিরের নির্ধারিত বাঁশের বেষ্টনী অতিক্রম করে প্রতিমা ভাঙার উদ্দেশ্যে প্রতিমার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে হাসান ইসলাম তুষার (২৫) নামের ঐ যুবককে হাতেনাতে জাপটে ধরেন এপিসি আবুল খায়ের।
পরবর্তীতে আটককৃত তুষারের ব্যাগ তল্লাশি করে একটি বড় দা, হাতুড়ি, বাটাল ও ছেনিসহ বেশ কিছু ভয়ংকর দেশীয় নাশকতামূলক সরঞ্জাম জব্দ করা হয়। রাতেই জব্দকৃত অস্ত্রসহ আটক যুবককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।
এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় পূজা উদযাপন কমিটি এবং উপস্থিত সাধারণ পূজার্থীরা আনসার সদস্যদের এমন অসীম সাহসিকতা, দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সময়োচিত এই ভূমিকার কারণে একটি বড় ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা, যা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের এক অনন্য নজির।
মতামত