যশোরের মনিরামপুরে একটি খাল থেকে রঞ্জন মন্ডল (৬০) নামে এক হিন্দু বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রঞ্জন মন্ডল মনিরামপুর উপজেলার কালিচরণপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত হরিপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় খালে মাছ ধরতে যান। এ সময় তাঁরা পানিতে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন। বস্তাটি নিয়ে সন্দেহ হলে কাছে গিয়ে সেটির ভেতরে মানুষের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে দ্রুত এলাকায় খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা খাল থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, উদ্ধারের সময় রঞ্জন মন্ডলের পরনে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। তাঁর চোখে পাওয়ারের চশমা এবং পায়ে ছিল চকোলেট রঙের স্যান্ডেল। ডান হাতে একটি তামার আংটিও পাওয়া গেছে। এ ছাড়া তাঁর শার্টের পকেট তল্লাশি করে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়।
মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
পুলিশের পক্ষ থেকে এখনো হত্যাকাণ্ডের কারণ, সম্ভাব্য জড়িত ব্যক্তি কিংবা ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত