সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে দেওয়া এসব উপহার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার মাধ্যমে বিতরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়। দুর্গাপূজার বাইরে শ্যামাপূজাকে কেন্দ্র করে কোনো সংসদ সদস্যের পক্ষ থেকে এ ধরনের উপহার প্রদানের ঘটনা রাঙ্গুনিয়ায় এবারই প্রথম। ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের আনন্দে এমন সহযোগিতা পেয়ে তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহ্বায়ক অজয় কুমার চক্রবর্ত্তী। সংগঠনের সদস্য সচিব লিটন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সভাপতি সুকুমল বাবু, যুগ্ম আহ্বায়ক নিক্সন সাহা, স্বপন দাশ, সুধীর দাশ, সুব্রত চৌধুরী, রনি দাশ ও তপন দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পূজা পরিষদের নেতৃবৃন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। শারদীয় দুর্গাপূজার পাশাপাশি শ্যামাপূজা ও দীপাবলিতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, ধর্মীয় উৎসব কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা। ভবিষ্যতেও সনাতনীদের বিভিন্ন ধর্মীয় পার্বণ ও সামাজিক আয়োজনে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, রাঙ্গুনিয়ায় এর আগে সাংসদের পক্ষ থেকে এ ধরনের উপহার সামগ্রী বিতরণ মূলত শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করেই হয়ে আসছিল। এবার শ্যামাপূজা ও দীপাবলিতে বস্ত্র ও নগদ অর্থ বিতরণের মধ্য দিয়ে সেই উদ্যোগের পরিধি বিস্তৃত হলো। এতে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দের পাশাপাশি নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।
দুর্গাপূজার বাইরে প্রথমবারের মতো অন্য ধর্মীয় উৎসবে সাংসদের পক্ষ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় সনাতনী সম্প্রদায়
শ্যামাপূজাতেও সনাতনীদের পাশে সাংসদ হুমাম কাদের, রাঙ্গুনিয়ায় বস্ত্র ও অর্থ বিতরণ
মতামত