তেঁতুলবাড়ি মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং দেশের মূল্যবান সম্পদ রক্ষায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত