মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার আংগাড়পাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় কৈপাড়া গ্রামের ভুপেন্দ্র নাথ রায় (মাস্টার)-এর বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতায় হঠাৎ করে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোয়ালঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দুইটি গরু আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ বাকি পাঁচটি গরুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, ঘটনাটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেছেন।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন খানসামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী এবং ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল কাফি রোমান। তারা দগ্ধ গরুগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন,
“অগ্নিকাণ্ডে দুইটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। বাকি পাঁচটি গরুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শরীর মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় অবস্থা সন্তোষজনক নয়।”
এই অগ্নিকাণ্ডে ভুপেন্দ্র নাথ রায়ের লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
মতামত