বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপকে বাড়তি নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি কোনো জরুরি বা স্থায়ী সিদ্ধান্ত নয়; বরং সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম চালু থাকবে। ভিসা, কনস্যুলার সেবা ও কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নির্বাচনের আগে এমন সতর্কতামূলক পদক্ষেপ নতুন নয়। অতীতে বিভিন্ন দেশই তাদের কূটনৈতিক কর্মীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা নিয়েছে। ভারতও একই পথ অনুসরণ করে পরিস্থিতির ওপর নজর রাখছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সূত্র আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভবিষ্যতে পরিবারের সদস্যরা পুনরায় বাংলাদেশে ফিরতে পারবেন। আপাতত নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার—এই বার্তাই স্পষ্ট করেছে নয়াদিল্লি।
মতামত