হিন্দুস নিউজ
Topic Ads 1
হ্যাটট্রিক করে মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

হ্যাটট্রিক করে মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি। সেভিয়ার মাঠে শনিবার রাতে শুরুতে পিছিয়ে পড়ে বার্সা। র‍্যামন সানচেজ স্টেডিয়ামে ১৯ মিনিটে ইউসুফ ফোফানার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। চার মিনিট পরই রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তারকা ফুটবলার। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। লা লিগার চলতি মৌসুমে এটা বার্সার টানা সপ্তম জয়। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের দল। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলেছে মাদ্রিদের ক্লাবটি। সেভিয়ার বিপক্ষে হ্যাট্রট্রিকের পর এবারের লা লিগায় রাফিনিয়ার গোলসংখ্যা এখন ১২। অপটার তথ্য অনুযায়ী, একুশ শতকে লা লিগার প্রথম সাত ম্যাচে মেসির চেয়ে বেশি গোল করেছেন তিনি। এই সময়ে রাফিনিয়ার চেয়ে বেশি গোল করার কীর্তি রয়েছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সাত ম্যাচে ১৩ গোল করেছিলেন রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগও তৈরি হয়েছিল রাফিনিয়ার সামনে। তবে ৭৬ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেন ফ্লিক। ফলে রোনালদোর রেকর্ড স্পর্শ কিংবা ছাড়িয়ে যাওয়া হয়নি রাফিনিয়ার। বার্সার হয়ে সেরা সময় পার করছেন রাফিনিয়া। নাম্বার নাইনের ভূমিকায় দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ ছাড়া চলতি মৌসুমে প্রতি ম্যাচেই গোল করেছেন। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক রাফিনিয়া। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির আলোচনা এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী। সাধারণ সভায় স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছেন, দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। নতুন চুক্তি হলে ২০৩০ সাল পর্যন্ত বার্সায় থাকবেন রাফিনিয়া। ক্লাব ও শহরে নিজেকে থিতু মনে করেন তিনি। সম্প্রতি রাফিনিয়া জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটির জার্সি গায়েই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।

শীর্ষস্থান হারাল ভারত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভারতকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা। আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে কিছুদিন আগেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। ইংল্যান্ড সিরিজ জেতায় আবারও দুই নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ওল্ড ট্রাফোর্ডে ব্যাট করতে নেমে ১২৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৬২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দল জেতানোর পথে ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জস বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন তিনি। ব্রুকের ব্যাট থেকে আসে ৩৩ রান। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রান এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে সবশেষ ২৬ টি-টোয়েন্টির ২৩টিতেই জয়ের দেখা পেল তারা। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন ব্রুক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আবারও বিশ্বের এক নম্বর হওয়া অসাধারণ এক অর্জন। এ জন্য দলের প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে, বিশেষ করে যারা খুব বেশি খেলার সুযোগ পায়নি।’ সিরিজে ১৭০ রান করেছেন ব্রুক। তিন সংস্করণেই ইংল্যান্ডের নিয়মিত খেলোয়াড় হওয়ায় চাপ থাকলেও দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আমি ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। এটাই আমার প্রধান অগ্রাধিকার। এ কারণেই আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলি না।’ অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য শ্রীলঙ্কার। আগামী ২২ সেপ্টেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুই দিক থেকেই আমাদের জন্য এটি খুবই হতাশাজনক একটি সিরিজ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা দলগুলোর তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা বোঝার জন্য এই সিরিজটি আমাদের চোখ খুলে দিয়েছে।’

শীর্ষস্থান হারাল ভারত