নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ড্রাম ট্রাকের চাপায় ভ্যানচালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।
তারা হলেন— মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। এ ঘটনায় একই গ্রামের রমেসের ছেলে সামন্ত আহত হয়েছেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোর মধ্যে চলছে মাতম। স্থানীয়রা সড়কে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত