পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গভীর রাতে এক হিন্দু ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ীর নাম স্বপন কুমার বল (কালু বল)। তিনি ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দক্ষিণ শিয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশে নিজ মালিকানাধীন মুদি দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাতে স্বপন কুমার প্রতিদিনের মতো দোকানেই রাত্রিযাপন করছিলেন। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে তাকে নির্মমভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
সোমবার সকালে এক ক্রেতা দোকানে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্বজন ও প্রতিবেশীরা দোকানের ভেতরে প্রবেশ করে স্বপন কুমারকে অচেতন ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ব্যবসায়ীর আত্মীয় আলো রানী বল বলেন, “একজন ক্রেতা এসে দোকানে সাড়া না পেয়ে আমাদের খবর দেয়। পরে দোকানের পকেট গেট দিয়ে তাকিয়ে দেখি স্বপন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়।”
প্রতিবেশী আশুতোষ বল জানান, “ডাকচিৎকার শুনে দোকানে গিয়ে দেখি সে বিছানার ওপর কাতর অবস্থায় পড়ে আছে। মাথা ও মুখে গুরুতর আঘাত ছিল, পুরো শরীর রক্তে ভিজে গিয়েছিল। তুলতে গেলে সে ঢলে পড়ে।”
স্বপনের কাকাতো ভাই বিজয় বল বলেন, “আগের দিন সে পাড়ের হাটবাজারের আরতে সুপারি বিক্রি করে ফিরেছিল। ধারণা করা হচ্ছে, সঙ্গে থাকা টাকা-পয়সা লুটের উদ্দেশ্যেই এই নৃশংস হামলা চালানো হয়েছে।”
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।”
মতামত