ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামে শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।
ঘটনার পর ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার দুপুরে তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, হামলার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করতে তিন সদস্যের একটি আইনজীবী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন আহমেদ, রনি সাহা এবং অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল। কমিটি ঘটনাটির সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীদের আইনি পরামর্শ প্রদান, আদালতে প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট সব ধরনের সহযোগিতা করবে এই কমিটি। সংশ্লিষ্ট পক্ষের আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কমিটির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল গ্রামের শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি বিবাদমান জায়গা ও সংলগ্ন খাল বালু ও মাটি ফেলে ভরাট করে দখলের চেষ্টা করা হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণ থেকে নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দখল হয়ে যাওয়া স্থানে মানববন্ধনের চেষ্টা করলে বাধার মুখে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বিরোধের জেরে সৃষ্ট অস্থিরতা নিরসনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়।
মতামত