গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া নালারপাড় গ্রামে নলকূপের পানিতে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে একটি হিন্দু পরিবারের সদস্যদের অচেতন করে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয়রা, অসুস্থ অবস্থায় ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে নেপাল চন্দ্র রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিনের বেলায় এক ব্যক্তি ভিক্ষুকের ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে কৌশলে নলকূপের ভেতরে চেতনানাশক ট্যাবলেট ঢুকিয়ে দেয়। ওই নলকূপের পানি ব্যবহার করে পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজ ও খাবার গ্রহণের পর রাতের বেলায় ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়।
এসময় প্রতিবেশী এক ব্যক্তি সেহেরির জন্য জেগে উঠে বাড়ির আশপাশে সন্দেহজনক চলাফেরা টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। ধাওয়া দিলে চারজন পালিয়ে গেলেও ফরহাদ মিয়া নামে একজনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। আটক ফরহাদ মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বুজরুক কমরপুর বালারহাট গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।
এ সময় নেপাল চন্দ্র রায়, ইন্দুবালা, মিনতি রানী, নিরুপমা রায়, তিথি রানী, গণেষ চন্দ্র রায় ও দলায় চন্দ্র রায় অচেতন অবস্থায় ঘরের ভেতরে ছিলেন।
আটক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে নলকূপে চেতনানাশক মেশানোর বিষয়টি জানা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। পরে অসুস্থদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত