ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুইটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় রামনগর ইউনিয়নের আজিজফাজিলপুর এলাকায় একটি পারিবারিক মন্দির থেকে স্বর্ণালংকার, প্রণামির টাকা এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই এলাকায় পরপর এমন ঘটনার পর স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দাগনভূঞা উপজেলার মনপুরা কাবাব হাউজের বিপরীতে পরিমল মাস্টারের পাশের বাড়িতে অবস্থিত একটি ভক্ত পরিবারের পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গভীর রাতে মন্দিরে প্রবেশ করে মন্দিরে রাখা নগদ প্রণামির টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা মন্দিরে গিয়ে চুরির বিষয়টি টের পান।
একই গ্রামে স্বল্প সময়ের মধ্যে দুইটি মন্দিরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা প্রথমে মন্দিরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে নেয় এবং পরে মন্দিরে আগুন ধরিয়ে দেয়। রাতের অন্ধকারে সংঘটিত এই ঘটনায় মন্দিরের ভেতরের অংশের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পরপর এমন ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের লক্ষ্য করে চাঁদাবাজি ও সহিংস ঘটনার পুনরাবৃত্তি তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।
এদিকে এলাকাবাসী ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
মতামত