রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের দুর্গম পানছড়ি ত্রিপুরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের ঘরবাড়ির পাশাপাশি খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সবকিছু হারিয়ে বর্তমানে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি দুর্গম এলাকায় অবস্থিত ছোট্ট এই ত্রিপুরা পাড়াটিতে মোট ৮টি পরিবার বসবাস করে। দুপুরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প সময়ের মধ্যেই ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্তরা ঘর থেকে মূল্যবান জিনিসপত্রও বের করতে পারেননি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— যাদুমনি ত্রিপুরা পরিবারের ৮ জন সদস্য, বামহা ত্রিপুরা পরিবারের ৭ জন সদস্য, সুইচন্দ্র ত্রিপুরা পরিবারের ৬ জন সদস্য, সুবল ত্রিপুরা পরিবারের ৩ জন সদস্য এবং মথি ত্রিপুরা পরিবারের ৪ জন সদস্য। এই পাঁচটি পরিবার বর্তমানে কার্যত নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আগুনে তাদের বসতঘরের পাশাপাশি মজুত খাদ্যশস্য, রান্নার সামগ্রী, পরনের কাপড় এবং দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী এসব পরিবার আগে থেকেই সীমিত সামর্থ্যের মধ্যে জীবনযাপন করছিল। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তাদের শেষ সম্বলটুকুও পুড়ে যাওয়ায় পুরো পাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোক, অসহায়ত্ব ও হাহাকার। ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন, যারা বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি, পোশাক এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে ভুগছেন।

এ ঘটনায় স্থানীয় সামাজিক ও মানবিক সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সহায়তার আহ্বান জানানো হয়েছে। মানবিক বিবেচনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয়দের মতে, দ্রুত ত্রাণ ও পুনর্বাসন সহায়তা না পৌঁছালে পরিবারগুলোকে আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়তে হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতার জন্য ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (রাজস্থলী উপজেলা শাখা)-এর সভাপতি জুয়েল ত্রিপুরার মাধ্যমে সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সহযোগিতার জন্য বিকাশ নম্বর 01572550327 এবং নগদ নম্বর 01602843622 প্রকাশ করা হয়েছে।
মানবিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সামান্য সহায়তাও তাদের জন্য নতুন করে বেঁচে থাকার আশার আলো হয়ে উঠতে পারে।
মতামত