আগামী ২৪ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
চিন্ময় প্রভুসহ সকল কারাবন্দীর মুক্তি, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে সম্পন্ন করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি দল-মত নির্বিশেষে সকল সচেতন নাগরিককে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
নিজের পোস্টে তিনি বলেন, অধিকার কেউ স্বতঃস্ফূর্তভাবে দেয় না, তা আদায় করে নিতে হয়। এজন্য প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন এবং সঠিক কৌশল অবলম্বন।
তিনি মনে করেন, চলমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাজপথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়া জরুরি।
তিনি আরও জানান, বাংলাদেশ সনাতন পার্টির সকল সদস্য, বিশেষ করে ঢাকা বিভাগ ও রাজধানীতে অবস্থানরত নেতাকর্মীদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকেও এই দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকদের মতে, ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবেন।
মতামত