জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একইসঙ্গে অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার (২৫ এপ্রিল) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।
জানা যায়, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরে আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ও কাস্টমসে কর্মরত ছিলেন।
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে জকসুর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, "রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মচারী এবং তরুণ মেধাবী ও সম্ভাবনাময় ব্যক্তিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এই ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "আমরা মনে করি, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ আজ নিজেকে নিরাপদ মনে করতে পারছে না, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।"
মতামত