রাঙ্গুনিয়ার মাটিতে আবারও উজ্জ্বল হলো এক সনাতনী কন্যার সাফল্যের গল্প। নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ অংশ নিয়ে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় মুক্ত সাঁতারে প্রথম স্থান অর্জন করেছে হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী পায়েল নাথ। তার এই অর্জনে আনন্দে ভাসছে পুরো এলাকা।
ছোটবেলা থেকেই স্থানীয় পুকুরে সাঁতার কাটার মধ্য দিয়ে পানির সঙ্গে সখ্য গড়ে ওঠে পায়েলের। ধীরে ধীরে সেই আগ্রহ পরিণত হয় স্বপ্নে। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে আজ সে পৌঁছে গেছে সাফল্যের দ্বারপ্রান্তে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে পায়েল। পানিতে তার প্রতিটি স্ট্রোক যেন ছিল জয়ের বার্তা। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে রাঙ্গুনিয়ার এই সনাতনী কন্যা।
পায়েলের এই অর্জনে উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, সঠিক সুযোগ ও পরিচর্যা পেলে পায়েল ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য গৌরব বয়ে আনবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সমান দক্ষতা দেখিয়ে পায়েল আজ নতুন প্রজন্মের অনুপ্রেরণার নাম। তার স্বপ্ন একদিন দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অংশ নেওয়া।
রাঙ্গুনিয়ার এই গর্বিত সনাতনী কন্যার জন্য রইলো আন্তরিক শুভকামনা।
মতামত